Sunday, September 6, 2009

বৃষ্টিপর্ব

জল ফুটছে করতলে, ঠোঁট ছুঁয়ে উড়ে গেছে মেঘ— সুন্দর! মনে করো আমরা যে পথ ধরে হেঁটেছি তার পাশে দাঁড়িয়ে আছে দৃশ্যাবলি যত
বোবাস্মৃতি সেজে। তবু কেন যে ছুঁয়ে দেখার আগে বৃষ্টিপর্ব শুরু হলো
না অজল চোখে

পাত্রের গায়ে লেগে আছে তৃষ্ণা, বাকিটুকু শৈবালে-তোমার মুগ্ধতা
আড়ালে-আবড়ালে মেঘের কালে… অবাক হবার কিছুই নেই বেদনাত্ন চোখে, ভোররাতে হাত বাড়ালে যদি ঝড়ো হাওয়া ফিরে আসে পুর্নবার ডালে-ডালে। পাতায় তুলে রাখি ছায়া শুকনো জল দেই ঢেলে সামনে দাঁড়ালে জলে ঘাম পুড়ে করতলে তোমার চোখে শ্রাবণের ঢল নেমে এলে



কার স্পর্শে যেন মিশে যেত হাত; চুষে নিতে জল ম্লান চোখ দু’টি
মিশে যেত হাওয়ায়-আবহাওয়াপাড়ায়। উড়ু হাওয়া বলুক রোদের
তীব্রতা খেয়ে গেল কে? আর্দ্র হাত দুটি কার আয়ু গুনে রাখে মনে-
রোদ কুড়ানোর ছলে তুমি লুকোবে আজ কার খোঁপায়। যদি ফিরে
আসে ওই দুটি হাত কলঙ্কফুল গেঁথে আমি গুনে নেবো স্মৃতি একা পেলে


জলে স্বপ্ন লুকানো বলে ভাবিনি এতসব জল অবলম্বনে জেনেছি স্বপ্নফুল
কবে ফুটেছে ঝরেছে তুমি জেগে ওঠার আগে- তাই জল ছুঁতে ভয় হয়,
বসে থাকি পেখম মেলে— আমি জল কখনো জমতে দেব না আর্তচোখে
ঢল নেমে এলে শোকগাথা যতসব ছড়িয়ে-ছিটিয়ে দেবো ছত্রাকে-শৈবালে

1 comment:

  1. খুব সুন্দর। অসাধারণ আপনার ব্লগ।

    ReplyDelete