আমাকে চূর্ণ করতে এসেছে ডাঙর চোখ নাকফুলজল আর উড়ন্ত চুলের হাওয়া হাতের কঙ্কন মৃদু সুরে বাজে— হৃদে কম্পন তুলে নির্বাক চণ্ডাল
সেজে দণ্ডিত হই; গোপন শ্বাসনালী ফুলে-ফেঁপে ওঠে চোখ ভরে দেখি
মনে-মনে জপি গীতা-বাইবেল— অসংখ্য সুরা। প্রার্থনা করি আমাকে
স্বর্ণাভ করো প্রভু…
…
তবু যদি মিশে যায় স্রোতজল বেয়ে, যদি লবণাক্ত জল চুষে নেয় কেউ
ক্রমশ ম্লান হবে তুমি। তাই ভয়ার্ত কত চোখ সাগরের জল বেয়ে ওঠে।আর আমি জলের কাছে লুকাবো বলে স্নান ঘরে আসি মনে সংশয় দ্বিধা;তবে কি আমি ভুলে যাবো সব ঘুমোবার আগে তুমি আজো বলনি ওই পথ ধরে হেঁটে গেছে কারা? আমাদের আগে
…
আমি লুকাবো কি জলে একবার সম্মতি দাও— স্পর্শ করো না কভু শরীর গুপ্ত সীমানা।তবে কেনো জড়তা নিয়ে জেগে রবে তুমি ঘোররাত্রি পাড়ে তাই নৈঃশস্দ এগুলো হাত তোমাকে ছুঁয়ে দেখার আগে আঙুলের পতন হল পিচলে স্মৃতি-স্বপ্নসহ চুম্বনের দাগ, কপালের ভাঁজে-ভাঁজে তোমার অসংখ্য রোমাঞ্চ
…
আমি তো ওই পথে চোখ খুলিনি, তুমি তাকিয়ে আছো গভীর ধ্যানে—তাই নিরবধি জপি যেভাবে শিখিয়েছো প্রেরণা কাকে বলে; কখনো ভাবিনি কতটা দূরত্বে দাঁড়ালে তুমি— বোবাজলও কাত হয়ে শোয়। তাই নিজস্ব আগ্রহে লুকিয়েছো মুখ; মুখের প্রীতি। ফলে ভাসা ভাসা বিজুলি সংকেতে ফেটে যাবে চোখ; চোখের জ্যোতি। তুমি ফিরবে না জেনে সবটুকু জল জমা রেখেছি পথের ঠোঁটে
…
অঙ্গগুলো মৃদু দুলে ওঠে জলপথ হেঁটে ছেঁকে নেবো মৌ… তুমি জলের পাশে খুঁজে ফেরো বাষ্পদানা; তার আগে শূন্যে উড়ে গেছে ঘ্রাণ বরফের কাছে গলে-গলে পড়ছে জলস্পৃহা। তাই নিরবধি জপি দ্বিধালিপি যত তোমার শূন্যতা জমা রাখো গাছের আড়ালে ওই জারুলের বনে। আমি তো একাকী জেগে আছি আড়ালে; সাতাশটি পাতার ফাঁকে। দ্বিধা যত জমা থাকুক বুকে
…
এবার তুমিই বলো রোদ আজ কোথায় দাঁড়ালো; আলো ফোটালো কার গায় তুমি আর কতবার শরীর পোড়াবে রোদে। রোদে পুড়িনি কভু তবুও তোমার রোদের তৃষ্ণা মিটেনি। রোদের তীব্রতা জড়াতে চাও পায়ে, আমি রোদবিহীন জ্বলে পুড়ে সেজেছি কয়লা— অবশিষ্ট স্পৃহা যত গেঁথে রেখেছো হাতের রেখায়
…
তবুও জানি মেঘের ঘনঘটা হলে মেঘাচ্ছন্ন দিনে তোমার কাছে বেড়ে যায় রোদের কদর, তাই আঁধার ঘনালে পাশ ফিরে দেখো ধ্রুবজলছায়া- জেনে রাখো ঘোরপ্রবণ রাতের কাছে কারো দায়ভার নেই,কখনো তাকবেও না
…
হাত ছুঁয়ে দেখো কতটা পাথর হলো বুক, ফুটে ওঠে জিভ তৃষ্ণার্ত ঠোটে
আর তুমি ঠোঁট ছুঁয়ে দেখার ভান করে লালা জলে খেলা করো গালভর্তি দীর্ঘশ্বাস ফেলে— তাই তোমার তো জলের কাছাকাছি যেতে মানা
…
এখন শুধু নীরবে জপি প্রেরণা কাকে বলে— আর কখনো যাবো না
তোমাকে দূরে রেখে রোদ-জলের পাশে
No comments:
Post a Comment